মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, একজনের মৃত্যু
রাজধানীর বসুন্ধরা সিটিতে আগুন লাগার এক দিন পর গতকাল সোমবার মিরপুরে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মো. মামুন (২৮) নামের এক যুবক মারা গেছেন। তিনি ওই ভবনের পঞ্চম তলার একটি আবাসন ব্যবসাপ্রতিষ্ঠানের অফিস সহকারী ছিলেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, মিরপুরের পূর্ব মণিপুরের ছয়তলা ভবনটির নিচতলায় একটি পর্দার দোকানে সকাল সোয়া আটটার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর সরেজমিনে দেখা গেছে, ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলায় পর্দা ও কার্পেটের দোকান। দোকানটির নাম ‘পর্দা বিলাস’। আগুনে এই দোকানের সব মাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকানটির ঠিক পেছনে ভবনের সিঁড়ি ও লিফট। তাই নিচতলা থেকে ভবনটির ওপরের তলায় উঠতে ও নামতে হলে এই দোকানের মধ্য দিয়েই যেতে হয়। ভবনটির তৃতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আবাসন প্রতিষ্ঠান, বায়িং হাউসসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।
২০০৮ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হয় বলে জানিয়েছেন স্থানীয় এক ব্যবসায়ী। তিনি বলেন, ভবনের নিচতলা গাড়ি পার্কিংয়ের জন্য ফাঁকা রাখা হয়েছিল। কিন্তু প্রায় ছয় মাস আগে সেখানে দোকান বানিয়ে ভাড়া দেওয়া হয়। রাতে ভবনটিতে নিরাপত্তাকর্মী ছাড়া কেউ থাকতেন না।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নিজামুল হক বলেন, অগ্নিকাণ্ডের সময় মামুন ভবনটির পঞ্চম তলায় আটকা পড়েন বলে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মামুন ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু সিঁড়ির মুখের দোকানটিতেই আগুন লাগায় তিনি বের হাতে পারেননি। পরে চতুর্থ তলার সিঁড়ি থেকে তাঁকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আগুনে মামুনের গোটা শরীর পুড়ে গেছে। উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মামুনের বাড়ি বরিশালের বাবুগঞ্জে। তিনি ওই ভবনের পঞ্চম তলার একটি আবাসন ব্যবসাপ্রতিষ্ঠানের অফিস সহকারী ছিলেন।
ভবনটির মালিককে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন এসআই নিজামুল হক। তবে তিনি বলেন, মালিকের নাম নজরুল ইসলাম বলে জানা গেছে।
পর্দা বিলাসের মালিক সবুজ আহমেদ প্রথম আলোকে বলেন, চার মাস আগে তিনি দোকানটি দেন। দোকানে প্রায় চার কোটি টাকার মালামাল ছিল। সব পুড়ে শেষ হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।