মিরপুরে বাম মোর্চার সমাবেশে পুলিশি বাধা, সাইফুল-সাকিসহ আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গণতান্ত্রিক বাম মোর্চার সমাবেশে বাধা দিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকিসহ আটজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, আজ বুধবার বিকেল সাড়ে চারটায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তবে পুলিশের দাবি, সমাবেশের জন্য পূর্বানুমতি না নেওয়ায় আটককৃতদের মিরপুর থানায় নেওয়া হয়েছে। সাভারের রানা প্লাজাসহ বিভিন্ন পোশাক কারখানার নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান ও দায়ীদের শাস্তির দাবিসহ ১০ দফা দাবিতে সমাবেশ করছিলেন বাম মোর্চার নেতা-কর্মীরা।
মিরপুর অঞ্চলের পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, বিকেলে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে কোনো অনুমতি না নিয়ে হঠাত্ করে গণতান্ত্রিক বাম মোর্চার নেতা-কর্মীরা সমাবেশ শুরু করেন। এ সময় পুলিশ তাঁদের ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানায়। অনুরোধ না রাখায় তাঁদের মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ইমতিয়াজ আহমেদ আরও বলেন, ‘ব্যস্ত সময়ে একটি রাস্তায় মিছিল করা হলে পুরো ঢাকা শহরই অচল হয়ে পড়ে। এর দায়িত্ব কে নেবে? সে জন্য আমরা তাঁদের ওই এলাকায় সমাবেশ না করার অনুরোধ করেছিলাম।’
বাম মোর্চার নেতারা দাবি করেছেন, পুলিশ তাঁদের মোট ১৭ জনকে আটক করেছে। আটক লোকজনের মধ্যে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা নাসির উদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবু বকর রিপন, হারুনুর রশিদ মাহমুদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কিরণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মাসুদ, সদস্য সাদিক রেজা প্রমুখ।
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর রিপন প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশ বাম মোর্চার নেতা-কর্মীদের লাঠিপেটা করেছে।
গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শ্রমিকদের ক্ষোভ থেকে গার্মেন্টস মালিকদের রক্ষা করা, মার্কিনদের সঙ্গে টিকফা চুক্তি এবং ভারতের স্বার্থে রামপাল বিদ্যুত্ প্রকল্পসহ সরকারের দেশবিরোধী তত্পরতার বিরুদ্ধে যাতে আন্দোলন গড়ে উঠতে না পারে, সেটাই সমাবেশ বন্ধের আসল কারণ।’