মিরপুরে বাসচালককে গ্রেপ্তারের দাবিতে ফের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ মাসুদ রানা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সৈয়দ মাসুদ রানা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর মিরপুর এলাকায় বাসের ধাক্কায় শিক্ষার্থী সৈয়দ মাসুদ রানার (২৩) মৃত্যুর ঘটনায় টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন তাঁর সহপাঠীরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে চালক গ্রেপ্তার না হওয়ায় আজ মঙ্গলবার তাঁরা ফের সড়কে নামেন। বেলা ১১টা থেকে তাঁরা মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল তিনটার পর তাঁরা অবরোধ তুলে নেন।

মাসুদ রানা মিরপুর চিড়িয়াখানা সড়কে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএর ৩০তম ব্যাচের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি মিরপুরের দক্ষিণ বিসিল এলাকায়।

চালককে গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের মতো মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো
চালককে গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের মতো মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

মাসুদের সহপাঠীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার পথে গতকাল সকাল ১০টার দিকে চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে দিশারী পরিবহনের একটি বাস পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) নেওয়ার পর চিকিৎসকেরা মাসুদকে মৃত ঘোষণা করেন। পরে লাশ মাসুদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করলেও এর চালক পলাতক রয়েছে।

ঘটনার পর গতকাল দুপুরে বিইউবিটির শিক্ষার্থীরা সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

চালককে গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের মতো মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো
চালককে গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের মতো মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

কিন্তু বাস চালক আটক না হওয়ায় আজ সকালে আবারও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন বলে জানান বিইউবিটির সহকারী প্রক্টর মনিরুজ্জামান। শিক্ষার্থীদের বরাত দিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বাস চালককে আটকের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছিল শিক্ষার্থীরা। তবে চালক আটক না হওয়ায় আজ তাঁরা আবার সড়ক অবরোধ করেন। এ অবস্থায় বিইউবিটি কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ প্রশাসনের আলোচনা হয়। এর পর বিকেলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। জড়িত বাস চালককে দুদিনের মধ্যে আটক করা না হলে আগামী শনিবার শিক্ষার্থীরা আবারও আন্দোলন করবেন বলে জানান তিনি।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল রাতে মামলা হয়েছে। দিশারী পরিবহনের চালককে আটকের জন্য চেষ্টা চালানো হচ্ছে।