মিরপুরে বাসার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা
রাজধানীর মিরপুর ২ নম্বরে নিজ বাসার কাছে সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশের সূত্র জানায়, সাইদুর মিরপুর ২ নম্বর সেকশনের সি ব্লকের হাজি রোডের এ-১/১ নম্বর বাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন। তিনি সপরিবারে ওই বাড়িতে থাকতেন। গতকাল সকাল সাতটার দিকে ওই বাড়ির এক ভাড়াটে বাড়ির সামনে সাইদুরকে পিঠে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে স্ত্রী লুৎফা বেগমসহ স্বজনেরা সাইদুরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মিরপুর থানার পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সাইদুরের স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে সাইদুর মোটরসাইকেল নিয়ে বের হন। স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন, রাতে তাঁর বাসায় ফিরতে দেরি হবে। পরে তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। বাড়ি তত্ত্বাবধানের পাশাপাশি তিনি ওই বাড়ির মালিক শমসের আলীর পাথর ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
ঘটনা তদন্তকারী মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, শমসের আলীর বাড়ির সামনে সাইদুরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেখানে তাজা রক্ত জমাট বেঁধে ছিল। হত্যা করে তাঁর মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে কারা, কেন হত্যা করেছে তা জানা যায়নি।