মিরপুরে বাসের ধাক্কায় দুই পুলিশ আহত
রাজধানীর মিরপুর বেড়িবাঁধে বাসের ধাক্কায় রূপনগর থানার পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে থানা এলাকার এগ্রো ভিটার এই ঘটনা ঘটে।
আহত কনস্টেবল মাহবুবকে রাজারবাগ পুলিশ হাসপাতাল এবং নাজিম উদ্দিনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে।
রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, রূপনগর থানা-পুলিশের একটি দল গতকাল রাতে মিরপুর বেড়িবাঁধে টহল দিচ্ছিল। রাত পৌনে ১১টার দিকে রূপনগর থানা এলাকার এগ্রো ভিটার সামনে পিকআপ ভ্যান থামিয়ে তাঁরা রাস্তায় কর্তব্য পালন করছিলেন। এ সময় পেছন থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বাস পুলিশের পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে পুলিশের গাড়ির চালক কনস্টেবল মাহবুব ও কনস্টেবল নাজিম আহত হন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটির চালক আবদুস সাত্তারকে আটক করা হয়েছে।