মিরপুরে বাসের ধাক্কায় নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম রহিমা বেগম (৫০)। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আজ শনিবার সকাল সাতটার দিকে ঘটনাটি ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
নিহত রহিমা বেগমের ভাতিজা জামাল উদ্দিন জানান, মিরপুর ১ নম্বর সেকশনে রাস্তা পার হওয়ার সময় রবরব পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যান। খবর পেয়ে স্বজনেরা সেখানে ছুটে যান। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সকাল সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রহিমা মিরপুর মাজার রোড ২য় কলোনি চৈতালি সড়কে স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্বামীর নাম মাহফুজ উদ্দিন।