মিরপুরে বাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু যাত্রী গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে বাসের ধাক্কায় ইউনুস প্রামাণিক (৩২) নামের এক রিকশাচালক মারা গেছেন। বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল পৌনে আটটার দিকে মিরপুর ১০ নম্বর থেকে একজন যাত্রী নিয়ে পল্লবীর দিকে যাচ্ছিলেন ইউনুস। মিরপুর সাড়ে ১১ নম্বরে সেতারা কনভেনশনের সামনে লিঙ্ক পরিবহনের একটি মিনিবাস পেছন থেকে ইউনুসের রিকশাকে ধাক্কা দেয়। এতে ইউনুস ও যাত্রী রাস্তায় ছিটকে পড়েন। ইউনুস ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় যাত্রী কামরুন্নাহারকে মিরপুর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় আশপাশের লোকজন ও পথচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা লিঙ্ক পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় রাস্তায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বাসটি পুড়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত কামরুন্নাহারের অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন প্রথম আলোকে জানান, পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।ইউনুস প্রামাণিক শাহ আলী এলাকায় বস্তিতে থাকতেন। তাঁর বাবার নাম একাব্বর প্রামাণিক। গ্রামের বাড়ি পাবনার সুজানগরের বায়নায়।