মিরপুরে বাড়ির দেয়াল ধসে মেয়ে নিহত, মা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে পরিত্যক্ত একটি ভবনের দেয়ালের কিছু অংশ ধসে পড়েছে পাশের একটি বাড়িতে। এতে ওই বাড়িতে থাকা এক কিশোরী নিহত ও তার মা আহত হয়েছেন।

গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই কিশোরীর নাম কুলসুম আখতার নিশি (১৬)। রাইন খোলা সি ব্লকে তার বাড়ি। তার মায়ের নাম জানা যায়নি। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানার ভাষ্য, পরিত্যক্ত একটি ভবনের কিছু অংশ পাশের টিনশেডের ঘরের ওপর পড়ে। রাত তিনটার দিকে খবর পেয়ে ওই ঘরে থাকা মা ও মেয়েকে উদ্ধার করা হয়। মেয়েটি পরে মারা যায়। মা হাসপাতালে চিকিৎসাধীন।

শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক খন্দকারের ভাষ্য, ভবনটি অনেক পুরোনো। একতলার দেওয়ালের কিছু অংশ টিনশেড ঘরের ওপর পড়ে। মেয়েটির লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।