মিরপুরে বেতন-বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
বেতন-বোনাসের দাবিতে রাজধানীর মিরপুরে লিবার্টি গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক গতকাল রোববার সন্ধ্যায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরপুর ২ নম্বর সেকশনের সনি সিনেমা হলের পেছনে ডি-ব্লকে লিবার্টি গার্মেন্টস অবস্থিত। সেপ্টেম্বরের বকেয়া বেতনের সঙ্গে শ্রমিকদের ঈদের বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকেরা তা না পেয়ে সন্ধ্যা ছয়টার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা পোশাক কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা ঘোষণা দেন বেতন-বোনাস না নিয়ে ঘরে ফিরবেন না। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
পোশাকশ্রমিক হালিমা আক্তার জানান, গত সেপ্টেম্বরের বেতন তাঁরা এখনো হাতে পাননি। কর্তৃপক্ষ গতকাল সকাল ১০টায় সেপ্টেম্বরের বকেয়া বেতনের সঙ্গে বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল। সময়মতো সব শ্রমিক হাজির হলেও মালিকের পক্ষ থেকে আরও তিন ঘণ্টা সময় নেওয়া হয়। এরপর সন্ধ্যা ছয়টায় বেতন-বোনাস দেওয়ার কথা জানালে শ্রমিকেরা কারখানার সামনে অপেক্ষা করতে থাকেন। কিন্তু মালিক তাঁদের পাওনা দেননি। এতে পোশাকশ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে দাবি আদায়ে বিক্ষোভ করছেন।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ঘটনাস্থলে উপস্থিত মিরপুর থানার টহল পরিদর্শক মো. তৈয়াবুর রহমান প্রথম আলোকে বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কারখানার মালিক কাল (আজ) সোমবার দুপুর ১২টায় বেতন-বোনাস দেওয়ার আশ্বাস দিলেও তাঁরা তা মানতে চাচ্ছেন না। পোশাকশ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন। তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।