মিরপুরে ব্যবসায়ীকে ধরে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম মোরশেদ ফেরদৌস (৪২) নামের এক ব্যবসায়ীকে ধরে ইয়াবা মামলায় ফাঁসিয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফ্ল্যাট বেচাকেনা নিয়ে বিরোধের জের ধরে গোয়েন্দা পুলিশ (ডিবি) এক ব্যক্তির পক্ষ নিয়ে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে বলে তাঁর পরিবারের অভিযোগ। মোরশেদ বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে জনসংযোগের কাজ করেন।
তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির (পশ্চিম) উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান প্রথম আলোকে বলেন, মোরশেদের পরিবারের অভিযোগ ঠিক নয়। ওই ব্যক্তিকে তাঁর বাসার সামনে থেকে ১৮টি ইয়াবাসহ ধরা হয়। এরপর তাঁকে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থাপন করা হলে তিনি ইয়াবা সেবন ও ইয়াবা রাখার কথা স্বীকার করেন। এরপর আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।
মোরশেদের পারিবারিক সূত্র জানায়, গত রোববার রাতে মাজার রোডের বাসার ফটকের ভেতর থেকে জোর করে ডিবি পুলিশ তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর ১৮টি ইয়াবা রাখার অভিযোগে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
মোরশেদের স্ত্রী ইফশিতা জাহান একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। তিনি গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গত রোববার রাত সাড়ে নয়টার দিকে এক ব্যক্তি মোরশেদকে ফোন করে ডেকে বাসার নিচে নামিয়ে আনেন। এরপর বাসার ফটকের ভেতর থেকে দু-তিনজন ব্যক্তি জোর করে তাঁকে মাইক্রোবাসে ওঠায়। মোরশেদের ছোট ভাই গোলাম সামদানী মাজার রোডে মাইক্রোবাসটি থামান। ভেতরে থাকা ডিবি পরিচয়দানকারীরা বলে, মোরশেদের সঙ্গে এসি স্যার কথা বলবেন।
মোরশেদের ভাই গোলাম সামদানী প্রথম আলোকে বলেন, বাবার কেনা জমির ওপর তাঁরা একটি বহুতল ভবন তৈরি করে ফ্ল্যাট বিক্রি করছেন। সেই ফ্ল্যাট নিয়ে এক সরকারি কর্মকর্তার সঙ্গে তাঁদের বিরোধ তৈরি হয়। ওই ব্যক্তির এক খালাতো ভাই ডিবিতে এসআই হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে ওই এসআই বিষয়টি নিয়ে তাঁদের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ইফশিতা জাহান বলেন, ‘ডিবির ওই এসআইয়ের যোগসাজশে আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আমরা নিশ্চিত, ডিবির কর্মকর্তা ধরে নিয়ে তাঁর কাছ থেকে ইয়াবা উদ্ধার দেখিয়েছে।’