মিরপুরে ব্যাগে যুবকের লাশ
রাজধানীর পাইকপাড়া আনসার ক্যাম্পের উল্টো দিকের ডাস্টবিনের পাশে গতকাল শনিবার রাতে একটি বড় ব্যাগের ভেতর থেকে পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে। তাঁর গলায় ছিল আঘাতের চিহ্ন। যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর লাশ এই বড় ব্যাগে ঢোকানো হয়েছিল।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে জানান, গতকাল শনিবার রাত আটটার দিকে র্যাব-৪-এর একটি টহল দলের ফোন পেয়ে পুলিশ আনসার ক্যাম্পের উল্টো দিকের ডাস্টবিনের কাছে একটি বড় ব্যাগ (ট্রাভেল ব্যাগ) পায়। পুলিশ ব্যাগের চেইন খোলার পর বেরিয়ে আসে এক যুবকের লাশ। তার পরনে ছিল নীল জিনসের প্যান্ট ও সাদা গেঞ্জি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।র্যাব সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই যুবক মিরপুর ১ নম্বর থেকে একটি প্রাইভেট কার ভাড়া নিয়ে মিরপুর ৬ নম্বর সেকশনে যায়। সেখান থেকে তারা বড় একটি নতুন ব্যাগ ওই প্রাইভেট কারে ওঠায়। পরে তারা প্রাইভেট কারটি আনসার ক্যাম্পের উল্টো দিকের ডাস্টবিনের কাছে থামায়। এরপর যুবকেরা কার থেকে ব্যাগটি নামিয়ে ডাস্টবিনের পাশে ফেলে দেয় এবং ভাড়া দিয়ে চালককে বিদায় করে দেয়। এ সময় যুবকেরাও উধাও হয়ে যায়।