মিরপুরে মেস থেকে যুবকের লাশ উদ্ধার
রাজধানীর মিরপুর থেকে হাত ও গলায় গামছা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেছনের একটি মেসের তালা ভেঙে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে বন্ধুকে নিয়ে গতকাল সোমবার ঢাকায় মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হৃদ্রোগের চিকিৎসা করাতে এসেছিলেন এক যুবক। তাঁরা দুজন হার্ট ফাউন্ডেশনের পেছনে ৩২/১ বড়বাগের একটি ভবনের দোতলায় একটি কক্ষ ভাড়া নিয়ে উঠেছিলেন। তাঁদের একজন আলম মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা করিয়েছিলেন।
আজ সন্ধ্যায় ওই বাড়ির তত্ত্বাবধায়ক থানায় ফোন করে বলেন, দোতলার একটি কক্ষ তালা লাগানো এবং ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে মিরপুর থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে ওই কক্ষে ঢোকে। পুলিশ খাটের ওপর থেকে গামছা দিয়ে গলা ও দুই হাত বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোমবার বিকেল চারটার দিকে দুই যুবক ভাড়া নেওয়া কক্ষটিতে ওঠেন। এঁদের একজন আরেকজন হত্যা করে তালা মেরে পালিয়েছেন। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যিনি খুন হয়েছেন, তাঁর নাম আলম নাকি হত্যাকারীর নাম আলম, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত যুবকের পরিচয় বের করার চেষ্টা চলছে।