মিরপুরে ম্যানহোলে পড়ে তরুণ নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের চলন্তিকা মোড়ে ময়লা পরিষ্কার করার সময় ম্যানহোলে পড়ে এক তরুণ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বিকেলে ওই তরুণ নিখোঁজ হওয়ার পর থেকে রাত ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করতে পারেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রূপনগর থানার অধীন চলন্তিকা মোড়ের নীল গীতা রোডে ময়লা পরিষ্কার করার সময় এক তরুণ পাশের খোলা একটি ম্যানহোলে পড়ে যান। তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা তাকে চেনেন না। ম্যানহোলের পানির স্রোত বেড়ে যাওয়ায় তার টানে সে আরও ভেতরে ঢুকে গেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ প্রথম আলোকে বলেন, এলাকার একটি পোশাক কারখানার কর্মচারীরা এই তরুণকে ম্যানহোলের পাশে জমে থাকা ময়লা পরিষ্কার করতে বলেছিল। একপর্যায়ে সে ম্যানহোলে পড়ে যায়। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিস তল্লাশি অভিযান স্থগিত করেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত পরিদর্শক (এসআই) মাহমুদুল হক মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, বুধবার সিটি করপোরেশনকে ভেকু মেশিন দিয়ে কাজ শুরু করা হবে। কারণ ড্রেনটা ময়লার কারণে খুব চিকন হয়ে গেছে, কাজ করা যাচ্ছে না।