মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১ নম্বরে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই-তিনজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক আনোয়ার হোসেন জানান, মিরপুরের সনি সিনেমা হলের পাশে স্বাধীন বাংলা মার্কেটের সামনের সড়কে মিরপুর-আজিমপুর রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসটিতে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভান। তবে বাসটি পুরোপুরি পুড়ে গেছে।

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নতুন বছরে লাগাতার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ।

৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে সোমবার রাতে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

এর আগে ২৬ নভেম্বর থেকে পাঁচ দফায় মোট ২২ দিনের অবরোধ পালন করে বিরোধী জোট। এর সঙ্গে যোগ হয় হরতাল এবং জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার ঘটনায় সহিংসতা।