মিরপুরে যানজট তিন কারণে
বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী কামরুন নাহারের বাসা মিরপুর ১১ নম্বর এলাকায়। প্রতিদিন বাসা থেকে তিনি ফার্মগেট এলাকায় আসেন কর্মস্থলে। সকাল ৯টায় তাঁকে অফিসে উপস্থিত হতে হয়। বাসা থেকে অফিসে আসতে কখনো দুই ঘণ্টা, কখনো তিন ঘণ্টাও লেগে যায় তাঁর। তিনি বলেন, ‘সকাল সাতটার দিকে বাসা থেকে বের হই। তখন এই এলাকায় অসহ্য জ্যাম থাকে। তাই প্রতিদিন আগেভাগেই বাসা থেকে বের হই। তাও মাঝেমধ্যে সময়মতো অফিসে আসতে পারি না। এভাবে কত ঘণ্টা যে পেরিয়ে যায় তার হিসাব নেই। তবে ফেরার সময় কিছুটা কম জ্যাম থাকে।’
মিরপুর এলাকা ঘুরে দেখা গেছে, এখানে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত যানজট লেগেই থাকে। আবার বিকেলেও যানজট থাকে। ট্রাফিক বিভাগ ও স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, এই যানজটের প্রধান কারণ তিনটি। এক. এলোমেলো বাস চলাচল, দুই. মেট্রোরেলের কাজ, তিন. রাতের বেলা সড়কে বিভিন্ন যানবাহন রাখা।
স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, গত এক-দেড় মাস আগে আগারগাঁও এলাকা থেকে রাস্তার দুই পাশে মেট্রোরেল প্রকল্পের অংশ হিসেবে বিদ্যুতের তার স্থানান্তরের কাজ শুরু হয়। এতে দুই পাশের রাস্তার মাঝে খুঁটি লাগিয়ে রাস্তা কাটার কাজ চলছে। ফলে রাস্তার আয়তন কমে আসে। এই রাস্তা দিয়ে আগে যে গতিতে গাড়ি চলেছে সেই গতিতে এখন গাড়ি চলতে পারে না। এতে অনেক সময় যানজট তৈরি হয়। এই রাস্তা কাটার কারণে গাড়িও ধীরে চলে।
মিরপুর ১১ নম্বর এলাকার বাসিন্দা ও পলি টিম্বারের ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, মিরপুর থেকে ফার্মগেট যাওয়ার পথে যানজট সকালে ৭টা থেকে ১০টা ও উল্টো দিকে বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত থাকে। তিনি আরও বলেন, এই এলাকায় যানজট আগেও ছিল। তবে মেট্রোরেলের কাজের কারণে কিছুটা সমস্যা তো হচ্ছেই। তবে এটি যানজটের একমাত্র কারণ নয়।
সেনপাড়া-পর্বতা এলাকার বাসিন্দা ও মমতাজ ড্রাগসের মালিক মো. পরাগ মিয়া বলেন, সকালে ১০ নম্বর গোল চত্বর থেকে ফার্মগেট আসার পথে এই রাস্তায় সবচেয়ে বেশি যানজট লাগে। এ সময় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে হয়। এই জ্যামের একটি বড় কারণ হচ্ছে, ১০ নম্বর থেকে ফার্মগেট আসার পথে গাড়িগুলো রাস্তার ওপর এলোমেলো দাঁড়িয়ে থাকা। যাত্রী নেওয়ার নামে বাসগুলো যেখানে-সেখানে থামায়, ফলে পেছনে যানজট লেগে যায়।
রাতের বেলা মিরপুরজুড়ে প্রধান সড়ক থেকে অলিগলি সব রাস্তার ওপর বাস, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, মিনি ট্রাকসহ বিভিন্ন যানবাহন রাখা হয়। বিশেষ করে মিরপুর গোলচত্বরসংলগ্ন ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারের পাশ থেকে শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ৬ নম্বর সেকশন সড়ক, পল্লবী, কালশী এসব সড়কে এসব যানবাহন পার্ক করা হয়।
মিরপুর ১০ নম্বর এলাকার বাসিন্দা মো. জামাল বলেন, রাতে অনেক সময় যানজট তৈরি হয়। মূল কারণ হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি রাস্তায় পার্ক করা হয়। এতে সরু রাস্তা আরও সরু হয়ে যায়।
মিরপুর-ফার্মগেট-গুলিস্তান গন্তব্যে চলা ইটিসি ট্রান্সপোর্টের চালক মো. সাগর বলেন, ‘সকালে মিরপুর থাইকা বের হইতে হইতে দুই-তিন ঘণ্টা লাইগা যায়। আমরাও বিরক্ত হই, যাত্রীরাও বিরক্ত হইয়া যায়।’ রাতে রাস্তায় গাড়ি রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা রাখি না, অন্যরা রাখে।’
যানজটের বিষয়ে কথা হয় ট্রাফিক পশ্চিম বিভাগের দায়িত্বরত পুলিশ সার্জেন্ট আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি বলেন, এই যানজট নতুন নয়। প্রতিদিন মিরপুর, পল্লবী, রূপনগর এলাকা থেকে ১০ নম্বর গোলচত্বর হয়ে হাজার হাজার গাড়ি চলে। এতে কিছুটা তো যানজট হবেই। তিনি আরও বলেন, মেট্রোরেলের কারণে যে যানজট হচ্ছে তা সাময়িক। রাতে রাস্তার ওপর বিভিন্ন যানবাহন রাখার বিষয়ে তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি বলে জানান তিনি।