মিরপুরে যুবককে গুলি করে হত্যা একজন আটক
রাজধানীর মিরপুরে গতকাল শুক্রবার রাতে কামরুজ্জামান ওরফে সুমন (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. সোহাগ নামের একজনকে আটক করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, চাঁদা না দেওয়ায় সোহাগসহ সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
কামরুজ্জামানের স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত আটটার দিকে কামরুজ্জামান মিরপুর ১০ নম্বরের প্যারিস রোডে নিজেদের নির্মাণাধীন ভবনের সামনে দাঁড়িয়ে ছিলেন। মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক সেখানে গিয়ে তাঁকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করে পালিয়ে যান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে কামরুজ্জামানের বাবা আবু তৈয়ব জানান, নির্মাণাধীন ওই বাড়িকে কেন্দ্র করে স্থানীয় মুক্তার হোসেন ও সোহাগসহ কয়েকজন সন্ত্রাসী তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকা দাবি করে। কিন্তু তিনি দেননি। এতে ক্ষুব্ধ হয়ে তিন-চার মাস আগে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের সামনে তাঁর গাড়িতে গুলি করেছিল ওই সন্ত্রাসীরা। ওই সন্ত্রাসীরাই তাঁর ছেলেকে হত্যা করেছে।
পল্লবী থানার ওসি সৈয়দ জিয়াউজ্জামান বলেন, ঘটনার পরপর সন্ত্রাসী সোহাগকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।