মিরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের পূর্ব সেনপাড়া-পর্বতা এলাকায় আজ বৃহস্পতিবার মিজান (২৮) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মিজান কাফরুল থানা যুবলীগের সদস্য ছিলেন। চা বিক্রি করে জীবিকা চালাতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর ছয়টার দিকে পূর্ব সেনপাড়া-পর্বতা এলাকার ১৮৯ নম্বর বাড়ির সামনে থেকে মিজানের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন।

কাফরুল থানা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম জানান, মিজান থানা যুবলীগের একজন সদস্য ছিলেন। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এসএ পরিবহনের সামনে চা বিক্রি করতেন।

জহিরুল ইসলাম বলেন, মিজানের বিরুদ্ধে কোনো মামলা নেই। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা বোঝা যাচ্ছে না। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা করার প্রস্তুতি চলছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।