মিরপুরে যুবদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের কাঁচাবাজার এলাকায় আজ রোববার সকালে যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়েছে অবরোধ-সমর্থকেরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল সোয়া সাতটার দিকে কাঁচাবাজারের গলিতে যুবদলের নেতা-কর্মীরা জড়ো হয়ে একটি মিছিল বের করেন। এ সময় কর্তব্যরত পুলিশ বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে  ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে যুবদলের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়েন। আত্মরক্ষার্থে গুলি ছোড়ে পুলিশ।

প্রায় ২০ মিনিট ধরে এ অবস্থা চলে। খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ আসে। তারা গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় যুবদলের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার কামাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ। যুবদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়লেও ভাগ্যক্রমে তা বিস্ফোরিত হয়নি। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।