রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। শাহ আলী থানার পুলিশ জানায়, গতকাল শনিবার বিকেল চারটায় ঝিলপাড় বস্তির একটি বাসায় মেঝেতে পড়ে থাকা অবস্থায় চাঁদনি (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। চাঁদনির মা নার্গিস আক্তার প্রথম আলোকে বলেন, গতকাল বেলা একটার দিকে তিনি মেয়েকে বকাঝকা করেন। এতে অভিমান করে সে বাইরে চলে যায়। পরে তিনি বিভিন্ন জায়গায় মেয়েকে খুঁজতে থাকেন। সাড়ে তিনটার দিকে ঝিলপাড় বস্তিতে আগের বাসায় গিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় চাঁদনির লাশ ঝুলছে। হাঁটু মেঝেতে লেগে আছে। তিনি লাশ নামিয়ে পুলিশে খবর দেন। নার্গিস আক্তার অভিযোগ করেন, তিনি ঘটনাস্থলে গিয়ে লাশের ধরন ও স্থানীয় কয়েকজনের আচরণে বুঝতে পেরেছেন, চাঁদনিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।