মিরপুরে শিশুসন্তানসহ গৃহবধূ খুন, স্বামী আটক

রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়ার একটি বাসায় গতকাল বুধবার রাতে গৃহবধূ আইরিন আক্তার (৩০) ও তাঁর আট বছরের ছেলে সাবিত হোসেনকে খুন করা হয়েছে। পুলিশ এ ঘটনায় আইরিনের স্বামী পূবালী ব্যাংকের কর্মকর্তা আমানুল্লাহকে আটক করেছে।
আমানুল্লাহ স্ত্রী ও দুই সন্তান নিয়ে ৬৭/১ মধ্য পাইকপাড়ায় পঞ্চম তলায় থাকতেন। তিনি পূবালী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার কর্মকর্তা। তাঁদের ছোট ছেলে তানভীরের বয়স এক বছর।
প্রতিবেশী এক গৃহবধূ জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমানুল্লাহ বাসার সামনে চিৎকার করে বলতে থাকেন, তাঁর স্ত্রী ও ছেলে বিছানায় নিথর পড়ে আছেন। চিৎকার শুনে তিনি ও তাঁর শাশুড়িসহ অন্যান্য বাসিন্দারা গিয়ে দেখেন, বাসার বাইরে থেকে সিটকিনি লাগানো। তাঁরা শোবার ঘরে ঢুকে দেখেন, আইরিন ও তাঁর ছেলে বিছানায় নিস্তেজ পড়ে আছেন। পাশে তানভীর কাঁদছে। আইরিনকে প্রতিবেশীরা ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাবিতকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান আমানুল্লাহ।
মিরপুর থানার পুলিশ জানায়, চিকিৎসকেরা মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী বলেন, ‘আইরিন আমাদের বাসায় এসে প্রায়ই কান্নাকাটি করে অন্য মেয়ের সঙ্গে স্বামীর সম্পর্ক থাকার বিষয়ে বলতেন। তাঁকে (আইরিন) মেরে ফেলা হবে, এমন শঙ্কাও করতেন।’
আইরিনের চাচা ইউনুস হাওলাদার অভিযোগ করেন, আমানুল্লাহই স্ত্রী ও সাবিতকে শ্বাসরোধে হত্যা করেছেন। হত্যাকাণ্ডের সাক্ষী না রাখতেই ছেলেকে হত্যা করা হয়। দেড় বছর ধরে চেষ্টা করে তাঁরা আমানুল্লাহকে স্বাভাবিক পথে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন। ঘটনার পর আমানুল্লাহ ফোন করে তাঁকে (ইউনুস) আইরিন ও সাবিত অসুস্থ জানিয়ে বাসায় যেতে বলেন। কিন্তু বাসায় গিয়ে দেখেন, মা-ছেলেকে হাসপাতালে নেওয়া হচ্ছে। মৃত ঘোষণার পর তিনি খবর দিলে পুলিশ এসে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে আমানুল্লাহকে আটক করে থানায় নিয়ে যায়।
রাতে মধ্য পাইকপাড়ায় আমানুল্লাহদের ভাড়া বাড়ির সামনে গিয়ে দেখা যায় উৎসুক মানুষের ভিড়। পঞ্চম তলার তিন কক্ষের বাসায় দেখা যায়, আমানুল্লাহর সঙ্গে তাঁর স্ত্রী ও দুই সন্তানের বাঁধানো ছবি দেয়ালে ঝুলছে। যে ঘরের বিছানা থেকে মা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, সেই বিছানায় বালিশ ও কাপড়চোপড় ছড়িয়ে-ছিটিয়ে আছে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে আমানুল্লাহ স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছেন। মাঝেমধ্যে আমানুল্লাহ স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, এ পর্যন্ত জিজ্ঞাসাবাদে আমানুল্লাহ হত্যার কথা অস্বীকার করেছেন। থানায় তাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি।
আইরিনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় হলেও তাঁর মা-ভাইয়েরা পঞ্চগড় থাকেন। খবর পেয়ে রাতেই মা-ভাইয়েরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তানভীরকে তার বড় খালা নিয়ে গেছেন।