মিরপুরে শ্রমিক বিক্ষোভ সংঘর্ষে ৩০ জন আহত
বেতন বৃদ্ধিসহ সাতটি দাবিতে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকেরা। বিক্ষোভ দমাতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস, গরম পানি ও রাবার বুলেট ছোড়ে। শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মিরপুর ১৩ ও ১৪ নম্বর সেক্টরের মূল সড়ক ও অলিগলিতে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়। বিকেলে দীর্ঘ আলোচনার পর মালিকপক্ষ দাবি মেনে নিলে শ্রমিকেরা বিক্ষোভ বন্ধ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওপেক্স গার্মেন্টসের শ্রমিকেরা সকালে কারখানায় ঢুকতে না পেরে রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েক শ শ্রমিক মিরপুর ১০ থেকে ১৪ নম্বর পর্যন্ত সড়ক অবরোধ করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। ভাঙচুর ঠেকাতে মিরপুর, পল্লবী, কাফরুল এলাকার বেশির ভাগ গার্মেন্টসেই ছুটি দিয়ে দেওয়া হয়। একসময় অন্য গার্মেন্টসের শ্রমিকেরাও বিক্ষোভে যোগ দেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘মালিকপক্ষ শ্রমিকদের দাবিগুলো মেনে নিয়েছে। শ্রমিকেরা আন্দোলন বন্ধ করেছে।’শ্রমিকদের অভিযোগ, রাত ১০টা পর্যন্ত তাদের খাটিয়েও কথামতো টিফিন (১০ টাকা) দেয় না কর্তৃপক্ষ। জানুয়ারি মাসে বেতন বাড়ানোর কথা থাকলেও এখন পর্যন্ত সবার বেতন বাড়ানো হয়নি। এখন শ্রমিকদের দাবি বেতন ন্যূনতম ৫০০০ টাকা, ট্রেড ইউনিয়ন করার অধিকার, মাতৃত্বকালীন ছুটি ও চিকিৎসার ব্যবস্থা, ১০ বছর চাকরি হলে এক বছরের বেতন, প্রতিবছর শতকরা ৩০ ভাগ বেতন বৃদ্ধি, আন্দোলনকারীদের ছাঁটাই না করার নিশ্চয়তা এবং শতভাগ উত্সব বোনাস। বিকেলে শ্রমিক-মালিকেরা আলোচনায় বসেন। স্থানীয় সংসদ সদস্য ও গার্মেন্টস মালিক কামাল আহমেদ মজুমদার, ওপেক্স গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা এবং পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় উপস্থিত ছিলেন।আলোচনা শেষে একজন শ্রমিক জানান, তাঁদের বেশির ভাগ দাবিই মেনে নেওয়া হয়েছে। এখন তাঁরা কাজে ফিরতে চান।ওপেক্স গ্রুপের মহাব্যবস্থাপক হারুন অর রশীদ বলেছেন, বহিরাগত কিছু লোক বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে শ্রমিকদের প্ররোচিত করে বাইরে নিয়ে যায়।