মিরপুরে শ্রমের হাট
সকালের তির্যক আলোয় বহুতল ভবনের ছায়ায় বসে আছেন কয়েকজন লোক। অন্যরা রোদ থেকে বাঁচতে দেয়ালে পিঠ লাগিয়ে বসেছেন। তবু কিছু মানুষকে রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পাশ দিয়ে হেঁটে যেতেই একজন বলে উঠছেন ‘লোক লাগবে নাকি স্যার?’ কেউ লোক নিতে চাইলে তাঁকে ঘিরে ধরছে বসে থাকা শ্রমজীবী মানুষের দল।
এ চিত্র গত রোববার সকালে রাজধানীর মিরপুর সাড়ে এগারো নম্বর এলাকায় পূরবী প্রেক্ষাগৃহের উল্টো দিকের রাস্তার। প্রতিদিন সকালে এখানে বসে শ্রমের হাট। ভবন নির্মাণ, মাটি কাটা, রাস্তা নির্মাণসহ বিভিন্ন কাজ পেতে এখানে জড়ো হন আশপাশ থেকে আসা শ্রমিকেরা। ভিড় করেন তাঁদের নিয়োগকারী ঠিকাদারেরাও। সকালে ঠিকাদার নিজামউদ্দীনকে ঘিরে ধরে কথা বলছিলেন সাত-আটজন শ্রমিক। নিজামউদ্দীন জানালেন, তিনিও একসময় রাজমিস্ত্রি ছিলেন। এখন বড় ঠিকাদার বা সরাসরি মালিকের কাছে ভবন তৈরির বিভিন্ন কাজ যেমন ছাদ তৈরি, ইটের গাঁথুনি, পাইলিং, প্লাস্টার বা অন্যান্য কাজের জন্য চুক্তিবদ্ধ হন। এরপর এখান থেকে শ্রমিকদের নিয়ে সেখানে নিয়োগ করেন। অভিজ্ঞতা আর কাজের ধরনের ওপর ভিত্তি করে দৈনিক তিন শ থেকে সাত শ টাকা পর্যন্ত মজুরি পেয়ে থাকেন শ্রমিকেরা।
নিজামউদ্দীন ১৪ জনকে কাজে নিলেন। বাদ পড়ে আবারও ফুটপাতে এসে বসলেন সাইফুল ইসলাম, আশুতোষ, আসাদুল, রাহিদুল, হাবিবসহ অনেকেই। তাঁরা ফুটপাতে পা ঝুলিয়ে বসলেন। পূরবী প্রেক্ষাগৃহে ঝুলছে ঘাড়ত্যাড়া চলচ্চিত্রের পোস্টার। সেটা দেখিয়ে আশুতোষকে সাইফুল বললেন, ‘ইট বাইতে বাইতে তো আমাগো ঘাড়ডা এমনিই ত্যাড়া হয়া রইছে।’
আশুতোষের বাড়ি কুড়িগ্রাম। মাটি কাটায় বিশেষ দক্ষতা রয়েছে বলে জানালেন। ঢাকায় পাইলিংয়ের কাজ, রডমিস্ত্রি হিসেবেও কাজ করেন। শ্রমিকেরা জানালেন, প্রতিদিন এখান থেকে দুই থেকে আড়াই শ শ্রমিক বিভিন্ন প্রকল্পে কাজ পেয়ে যান। আর কিছু শ্রমিককে খালি হাতে ফিরতে হয়। পরদিন আবার তাঁরা আসেন, যদি কোনো কাজ মেলে সেই ভরসায়।