মিরপুরে সন্ত্রাসী হামলায় শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১ নম্বরে গত বৃহস্পতিবার দুপুরে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসিরউদ্দিন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তাঁকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ সূত্র জানায়, প্রাইম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক নাসিরউদ্দিনকে গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ডে পথরোধ করে। তারা তাঁকে কিল, ঘুষি ও লাথি মারে। একপর্যায়ে তারা বাসের সঙ্গে নাসিরউদ্দিনের মাথায় আঘাত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নাসিরউদ্দিন অভিযোগ করেন, প্রাইম ইউনিভার্সিটির কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী তাঁকে মারধর করে আহত করেছেন। গত বুধবার ওই ছাত্ররা তাঁকে ক্লাস নিতে বাধা দেন এবং শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে যেতে দাবি করেন। এরপর তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয়। বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন। ঘটনা তদন্তকারী মিরপুর থানার উপপরিদর্শক গোলাম নবী জানান, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়টিতে কেনো উপাচার্য নেই। উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলন শুরু হলে কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার দুদিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক আবু বকর জানান, এ ঘটনায় প্রাইম ইউনিভার্সিটির রেজিস্ট্রার আরশাদ আলী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এতে দুজনের নাম উল্লেখ করাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।