মিরপুরে সন্দেহভাজন তিন ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের সামনে থেকে আজ সোমবার সকালে সন্দেহভাজন তিন ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
সেনপাড়া পর্বতা এলাকায় ৮ এপ্রিল বিকাশের এজেন্টের কাছ থেকে ছয় লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই তিনজনকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।
আটক হওয়া তিন যুবক হলেন রাসেল, নজরুল ইসলাম ও কামরুল ইসলাম। তাঁদের কাছে একটি বিদেশি রিভলবার, চারটি গুলি, একটি চাপাতি ও একটি ছোরা পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার মো. কামাল হোসেন প্রথম আলোকে জানান, ওই তিন যুবক আজ ছিনতাইয়ের উদ্দেশ্যে শেওড়াপাড়া এলাকায় জড়ো হয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিকাশের এজেন্টের টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এদিকে, ১৫ হাজার ১০০ পিস ইয়াবা ও প্রায় তিন লাখ টাকাসহ সোহেল ও আরমান নামের দুই যুবককে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর আগারগাঁও মোড় এলাকা থেকে সন্ধ্যা ছয়টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।