মিরপুরে সিআইডি কর্মকর্তার ঝুলন্ত লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি বাসা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক উপপরিদর্শকের (এসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার রাতে লাশটি উদ্ধার করে পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, নিহত এসআইয়ের নাম হাসনাইন রব্বানী (৩৮)। মিরপুর সেকশন-১১–এর ‘এ’ ব্লকের একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ওই ফ্ল্যাটে তিনি সপরিবারে ভাড়া থাকতেন। তাঁর পরিবার গ্রামের বাড়িতে রয়েছে। হাসনাইনের গ্রামের বাড়ি যশোরে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হাসনাইন আত্মহত্যা করেছেন।
আজ রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল্লাহেল বাকী প্রথম আলোকে জানান, হাসনাইন প্রায় তিন মাস ধরে অফিসে অনুপস্থিত ছিলেন। তাঁর কোনো খোঁজ ছিল না। ঘটনাস্থলে সিআইডির লোকজন গেছেন। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।