মিরপুরে স্কুলমাঠে মেলা বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৫ জুন থেকে শুরু হওয়া তাঁত, বস্ত্র ও হস্তশিল্প মেলা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোকাররামুস সাকলাইন ও তুষার কান্তি রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর। রাশেদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, স্কুলমাঠে মেলা বসানোর কোনো নিয়ম নেই। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র আছে। তাই আদালত মাঠে মেলা বন্ধের নির্দেশ দিয়েছেন।
স্কুলমাঠে মেলা নিয়ে ১৬ জুন প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে, স্কুলমাঠে মেলা করা যাবে না।