মিরপুরে স্কুলের বেদখল জমি উদ্ধার

ঢাকা জেলা প্রশাসন গতকাল বুধবার মিরপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের বেদখল হয়ে যাওয়া ১০ শতাংশ জমি উদ্ধার করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের নেতৃত্বে একটি দল বুধবার সকালে এই অভিযান চালায়।
জেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি ২০ বছরের বেশি সময় ধরে মিরপুর ১৩ নম্বরের শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ শতাংশ জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। এসব স্থানে তাঁরা টিনশেড ও পাকা ঘর নির্মাণ করে ভাড়া নিয়ে আসছিলেন। এই অবৈধ স্থানে ৫০টির মতো পরিবারকে ভাড়া দেওয়া হয়েছিল। বিদ্যালয়ের স্থানে এসব পরিবার বাস করার কারণে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছিল। পাশাপাশি সেখানে প্রাথমিক শিক্ষকদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। অবৈধ দখলের কারণে তাও করা সম্ভব হচ্ছিল না।
খন্দকার মুশফিকুর রহমান বলেন, জেলা প্রশাসন নথি খতিয়ে দেখতে পায়, জায়গাটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের। সেখানে ১৯৬৬ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০ বছর বা এর কিছু আগে স্থানীয় কিছু প্রভাবশালী তাঁদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের জায়গা দখল করে নেন। তবে প্রভাবশালীদের নাম ও কোনো রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি নির্বাহী ম্যাজিস্ট্রেট।
খন্দকার মুশফিকুর বলেন, প্রশাসন অনেক দিন থেকেই বিদ্যালয়ের জায়গা উদ্ধারের চেষ্টা করে আসছিল। কিন্তু দখলকারীরা বিভিন্ন সময় আদালত থেকে স্থগিতাদেশ নেওয়ায় জায়গা উদ্ধার করা যায়নি। আইনি লড়াই শেষে এই বছরের মাঝামাঝি সময় উদ্ধারের সব বাধা দূর হয়। এরপর গতকাল সকাল আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা বেদখল হওয়া জায়গাটি উদ্ধার করেন। প্রভাবশালীরা প্রথম দিকে বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে তাঁরা ফিরে যান। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।