মিরপুরে সড়কে ডাকাতি প্রতিবাদে অবরোধ ও বিক্ষোভ
কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার নওপাড়া এলাকায় গত সোমবার রাতে তিন ঘণ্টা ধরে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশ ডাকাতি প্রতিরোধে কোনো কার্যকর ভূমিকা না নেওয়ায় ডাকাতি হওয়া গাড়িগুলোর চালক ও যাত্রীরা ভোর থেকে সকাল পর্যন্ত তিন ঘণ্টা ওই সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।প্রত্যক্ষদর্শী ও ডাকাতি হওয়া গাড়ির চালকেরা জানান, সোমবার রাত ১২টার দিকে ১৫-২০ জন ডাকাত মিরপুরের নওয়াপাড়া এলাকায় সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে যানবাহনের গতিরোধ করে। এ সময় ডাকাতেরা প্রায় তিন ঘণ্টায় ২৫টি বাস, ট্রাক ও নছিমন-করিমনে ডাকাতি করে। তারা যাত্রীদের জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতেরা কয়েকটি গাড়ি ভাঙচুর এবং বাসের দুই যাত্রীকে মেরে আহত করে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ডাকাতি হওয়া একটি ট্রাকের চালক অভিযোগ করেন, পাশেই মিরপুর পুলিশের টহল ছিল। তাঁরা কোনো পদক্ষেপ নেননি।এ ঘটনার প্রতিবাদে বাস-ট্রাকের চালক ও যাত্রীরা গতকাল মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। তাঁরা অভিযোগ করেন পুলিশকে ডাকাতির ঘটনা সম্পর্কে অবহিত করা হলেও তারা এগিয়ে আসেনি।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশের হস্তক্ষেপে সকাল নয়টায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এখন পর্যন্ত চারটি ট্রাক ও দুটি নছিমনে ডাকাতির ঘটনা জানা গেছে। তবে ডাকাতির ব্যাপারে কেউ পুলিশকে অবহিত করেনি।