মিরপুর সাড়ে ১১ থেকে ১২ নম্বর সেকশনের মধ্যবর্তী জায়গায় সড়কের ওপর ময়লা ফেলা হচ্ছে। জায়গাটি চৌরঙ্গী নামে পরিচিত।
স্থানীয় লোকজন বলেন, আগে একটা সীমানাঘেরা জায়গায় ময়লা ফেলা হতো। নিয়মিত পরিষ্কারও করা হতো। তবে সম্প্রতি এখানে সড়কের ওপর ছয়-সাতটি ময়লার কনটেইনার রাখা হয়েছে। সেখান থেকে অন্তত ২০০-৩০০ গজ জায়গাজুড়ে ময়লা ছড়িয়ে পড়ছে। বৃষ্টি হলে আবর্জনা সড়কে ছড়িয়ে পড়ে। তখন পরিস্থিতি শোচনীয় হয়। এই ময়লা পরিষ্কারও করা হয় না। নোংরা পরিবেশ ও তীব্র দুর্গন্ধের কারণে ভোগান্তিতে পড়েছে আশপাশের বাসিন্দা ও পথচলতি মানুষেরা।
সিটি করপোরেশনের বক্তব্য
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রজ্জব হোসেন প্রথম আলোকে বলেন, ‘ওখানে এভাবে ময়লা ফেলার বিষয়টি আমার জানা নেই। দু-এক দিনের মধ্যেই জমে থাকা ময়লা সরিয়ে ফেলা হবে। পরে কেউ যাতে যত্রতত্র না ফেলতে পারেন, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।’
নিজস্ব প্রতিবেদক
ঘোষণা: আপনার এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা কিংবা পানিসংকটের মতো নাগরিক দুর্ভোগের বিষয়গুলো সরাসরি জানাতে পারেন প্রথম আলোকে এই নম্বরে: ৯১২১২২৩।