মিরপুরে হামলার মুখে পিছু হটলেন ভ্রাম্যমাণ আদালত
রাজধানীর মিরপুর ১ নম্বরে গতকাল বৃহস্পতিবার দুপুরে অবৈধ দখলদারদের হামলার মুখে অভিযান পরিচালনা না করেই ফিরে এসেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় শাহ আলী থানার এসআই (উপপরিদর্শক) ছবিরউদ্দিন ইটের আঘাতে আহত হন।পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট টিপু সুলতানের নেতৃত্বে ভ্রাম্যম্যাণ আদালত মিরপুর ১ নম্বরের ডি ব্লকের ৭ নম্বর সড়কের ১৯ নম্বর বাড়ির অবৈধ দখলদার হালেমা বেগমকে উচ্ছেদ করতে যান। এ সময় হালেমার নেতৃত্বে বেশ কিছু নারী-পুরুষ ওই বাড়ির চালার ওপর থেকে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে শাহ আলী থানার এসআই ছবিরউদ্দিন আহত হন। এ সময় হালেমার লোকজন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের ধাওয়া করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। আধা ঘণ্টা ধরে এই অবস্থা চলার সময় পুলিশ লাঠিপেটা করে। পরে অবৈধ দখলদারদের হামলার মুখে পুলিশ পিছু হটে। একপর্যায়ে তারা আবার সামনে এগিয়ে গিয়ে হামলাকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পরিস্থিতি বেগতিক দেখে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ ছাড়াই পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে ফিরে আসেন।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, ম্যাজিস্ট্রেট টিপু সুলতান বাদী হয়ে হালেমাসহ অন্যদের আসামি করে শাহ আলী থানায় মামলা করেছেন। এতে হামলা চালিয়ে পুলিশকে আহত করা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।ম্যাজিস্ট্রেট টিপু সুলতান প্রথম আলোকে বলেন, হামলা ঠেকাতে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছিল। কাঁদানে গ্যাসের ঝাঁজে এখানকার বাসিন্দাদের দুর্ভোগের আশঙ্কায় উচ্ছেদ কার্যক্রম বন্ধ রেখে তাঁরা চলে যান। তিনি বলেন, এই সম্পত্তি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের। টিপু সুলতান বলেন, সম্প্রতি জমির প্রকৃত মালিক হালিমা বেগম তাঁর নামে বরাদ্দপত্রসহ প্রয়োজনীয় কাগজ গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে হালেমাকে ওই বাড়ি থেকে উচ্ছেদের জন্য আবেদন করেন। কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, হালিমা বেগম বাড়ির প্রকৃত মালিক। এরপর গৃহায়ণ কর্তৃপক্ষ ওই বাড়ি থেকে হালেমাকে উচ্ছেদের সিদ্ধান্ত নেয়।