মিরপুরে হিউম্যান হলারের চাপায় যুবকের মৃত্যু, অবরোধ ভাঙচুর
রাজধানীর মিরপুরের ১৩ নম্বর সেকশনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনে গতকাল সোমবার সন্ধ্যায় হিউম্যান হলারের চাপায় ইলিয়াস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। তারা এ সময় কয়েকটি যানবাহনও ভাঙচুর করে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ইলিয়াস সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিআরটিএ কার্যালয়ের সামনের সড়ক পার হওয়ার সময় চ্যাম্পিয়ন পরিবহনের একটি হিউম্যান হলার তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পথচারী ও আশপাশের লোকজন ওই হিউম্যান হলারটি আটক করে চালককে পিটুনি দেয়। তারা ওই সড়ক অবরোধ এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে কাফরুল থানার পুলিশ ঘটনাস্থলে এসে এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হিউম্যান হলারের চালককে আটক করে থানায় নিয়ে যায়।এদিকে ইলিয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইলিয়াস ইউনিয়ন ডিস্ট্রিবিউশন নামের প্রতিষ্ঠানের পণ্য সরবরাহকারী পদে কর্মরত ছিলেন। ওই প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক ফসিউর রহমান বলেন, সন্ধ্যায় কচুক্ষেতে পণ্য সরবরাহ করে ইলিয়াস পল্লবীর কালসী রোডের বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, চালকসহ হিউম্যান হলারটি আটক করা হয়েছে।জুরাইনে যুবকের মৃত্যু: সন্ধ্যা ছয়টার দিকে জুরাইনের মুন্সীবাড়ির সামনে গাড়িচাপায় ওবায়দুল হক (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার লাউকাঠীতে।