মিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সড়কে গতকাল বৃহস্পতিবার রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। র‌্যাব কর্মকর্তাদের দাবি, নিহত যুবক ছিনতাইকারী। তাঁর কাছ থেকে দুটি গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।র‌্যাবের ভাষ্যমতে, গতকাল রাতে র‌্যাব-৪-এর কাছে খবর আসে, চিড়িয়াখানা সড়কে বিসিআইসি কলেজের সামনে ছিনতাইকারীরা জড়ো হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে তাদের একটি দল রাত পৌনে নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে ছিনতাইয়ে ব্যবহূত একটি মোটরসাইকেল ও দুটি হেলমেট উদ্ধার করা হয়েছে। পরে যুবকের নাম সুমন বলে শনাক্ত করা হয়।ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আইয়ুব প্রথম আলোকে বলেন, নিহত যুবকের কাছ থেকে দুটি গুলিভর্তি একটি রিভলবার, একটি ব্যাগে ল্যাপটপ ও কয়েকটি মুঠোফোনের সেট পাওয়া গেছে। র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব বলেন, ঈদ সামনে রেখে ছিনতাই বেড়ে যাওয়ায় র‌্যাব বিশেষ অভিযান শুরু করেছে।