মিরপুরের অবৈধ স্থাপনা তিন দিনের মধ্যে সরাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের পীরেরবাগ, আমতলা মোড় ও উত্তর মনিপুর হয়ে গ্রামীণ ব্যাংক ভবন পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার উভয় পাশের ফুটপাতের ওপর নির্মিত অবৈধ স্থাপনা আগামী তিন দিনের মধ্যে সরিয়ে ফেলতে হবে। স্থানীয় সরকার বিভাগ সচিব আবদুল মালেক গতকাল শনিবার এই নির্দেশ দিয়েছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের সচিব গতকাল মিরপুরের ওই এলাকা পরিদর্শন করে এ নির্দেশনা দেন। তিনি বলেন, আগারগাঁওয়ের পশ্চিম প্রান্তে আমতলা মোড় থেকে গ্রামীণ ব্যাংক ভবন পর্যন্ত অবৈধ স্থাপনা এবং রাস্তার উভয় পাশের ফুটপাতের ওপর নির্মিত বিভিন্ন ভবনের অবৈধ বর্ধিত অংশ নির্ধারিত সময়ের মধ্যে মালিকেরা নিজ উদ্যোগে সরিয়ে না নিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।
স্থানীয় সরকার বিভাগ সচিব আগারগাঁও থেকে মিরপুর-২-এর গ্রামীণ ব্যাংক ভবন পর্যন্ত দুই কিলোমিটার পর্যন্ত ৬০ ফুট প্রস্থ রাস্তা নির্মাণকাজে উদ্ভূত জটিলতা নিরসনের জন্য ওই এলাকা পরিদর্শন করেন।