মিরপুরের ওসিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ঝুট ব্যবসায়ী মাহাবুবুর রহমান ওরফে সুজনকে পুলিশ হেফাজতে নির্যাতন করে হত্যার অভিযোগে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ, উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ রোববার সকালে মাহবুবুর রহমানের স্ত্রী মমতাজ সুলতানা বাদী হয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন।
গত ১২ জুলাই মধ্যরাতে রাজধানীর শঙ্কর এলাকা থেকে মাহাবুবুর রহমান, তাঁর স্ত্রী মমতাজ সুলতানা ও পাঁচ বছরের শিশুসন্তান মোশাররফকে মিরপুর থানায় ধরে নিয়ে যান এসআই জাহিদ। পরে থানায় মমতাজ ও তাঁর সন্তান মোশাররফকে এক কক্ষে রেখে পাশের কক্ষে মাহাবুবুরের ওপর পুলিশ নির্যাতন চালায় বলে অভিযোগ করেন মমতাজ। ভোরের দিকে মাহাবুবুরের মৃত্যু হয়।
মাহাবুবুরের পরিবার তাঁকে ‘হত্যা’র জন্য এসআই জাহিদসহ মিরপুর থানার কয়েকজন কর্মকর্তাকে দায়ী করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৩ জুলাই এসআই জাহিদকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয় ও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়।
এ ঘটনায় এসআই জাহিদ ও সোর্স নাসিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দুজনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।