মিরপুরের চার কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট নেই
ঢাকা উত্তরে মিরপুরের চারটি ভোটকেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীদের কোনো পোলিং এজেন্ট দেখা যায়নি। আজ মঙ্গলবার সকালে ভোটকেন্দ্রগুলো ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
আট নম্বর ওয়ার্ডের শাহ আলী মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল ও কাউন্সিলরপ্রার্থী ফেরদৌসি আহমেদের কোনো এজেন্টকে দেখা যায়নি।
দরগাহ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা আলমগীর ভূঁইয়া বলেন, ওই কেন্দ্রে তাবিথ আউয়ালের এজেন্ট নেই। কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলরপ্রার্থী কাজী টিপু সুলতানের সমর্থিত প্রার্থীর লোকজনকে দেখা যায়। তারা কাজী টিপু সুলতানের মার্কা বা ভোটার স্লিপ বাদে কাউকে সেখানে ঢুকতে দেয়নি।
পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বশিরউদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তাবিথ আউয়ালের পক্ষে দুজন পোলিং এজেন্টকে বসে থাকতে দেখা যায়। তবে পোলিং এজেন্ট মো. শফিকুল ইসলাম বলেন, তাঁর কাজ কী বা তাকে কে পাঠিয়েছে, তিনি জানেন না। কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থী রুনু আক্তারের কোনো এজেন্টকে দেখা যায়নি।