মিরপুরের শেখ রাসেল শিশুপার্কে কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট মাঠের মতো জায়গাটি। তাতে অনেকগুলো পিচ। কেউ ছক্কা হাঁকাচ্ছে। কেউ বোল্ড আউট। এর ফাঁক দিয়েই কয়েকটি কিশোরী সাইকেল চালাচ্ছে। কেউ ফটক ধরে দোল খাচ্ছে। এটি রাজধানীর মিরপুর ১ নম্বরের ঢাকা জেলা পরিষদ শেখ রাসেল শিশুপার্কের দৃশ্য।
মিরপুর ১ নম্বরের ডি ব্লকের এ পার্কে গত শুক্রবার বিকেলে গিয়ে দেখা যায়, ছোট ছোট দলে ভাগ হয়ে ছেলেরা ক্রিকেট খেলছে। অষ্টম শ্রেণিপড়ুয়া সাজেদুল ইসলাম ব্যাট নিয়ে অপেক্ষা করছে। একজন আউট হলেই ও নামবে। সাজেদুল বলে, ‘ছোট থেকেই এই মাঠে খেলি।’ ক্রিকেট ছাড়া সাজেদুল ফুটবলও খেলে। বিকেল হলে ও বন্ধুদের নিয়ে চলে আসে। খেলা চলে সন্ধ্যা পর্যন্ত।
প্রবেশদ্বারে পার্ক লেখা থাকলেও ভেতরে খানিকটা খেলার জায়গা ছাড়া আর বিশেষ কিছু নেই। চারদিকে সীমানাপ্রাচীর দেওয়া। প্রবেশের জন্য গেট আছে তিনটি। পার্কের চারদিকে সিমেন্ট দিয়ে বসার বেঞ্চ বানানো হয়েছে। আছে হাতে গোনা কয়েকটি নারকেলগাছ। ভেতরে কোনো ঘাস নেই। কোথাও কোথাও দেখা যায় কাদা জমে আছে। গাছের পাতা ও বিভিন্ন ধরনের প্যাকেটের আবর্জনায় সয়লাব পুরো জায়গাটিই। এর মধ্যেই চলছে ক্রিকেট। এক পাশে একটি মঞ্চের মতো একটি জায়গা। সেখানে খেলছে পিচ্চির দল। তারা জানাল এই মঞ্চে প্রায়ই নাটক হয়।
স্থানীয় বাসিন্দা আল-ফারুক বলেন, ‘এটা সিটি করপোরেশনের পার্ক না, জেলা প্রশাসনের। তবে কমিশনারও দেখভাল করেন।’ তিনি আরও বলেন, স্থানীয় লোকজন এ পার্কে বিভিন্ন নাটক, খেলার আয়োজন করে। প্রায় তিন বছর আগে সীমানাপ্রাচীর দেওয়া হয়। আল-ফারুক নিজে স্থানীয় একটি সমাজসেবামূলক সংস্থার সঙ্গে জড়িত। তাঁদের সংস্থা থেকেও এ পার্কে নানা খেলাধুলার
আয়োজন করা হয়। রাত ১০টার পরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। স্কুলের সময় অর্থাৎ সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত পার্ক বন্ধ থাকে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী টিপু সুলতান বলেন, এ পার্কটি জেলা প্রশাসনেরই। তবে এলাকার কাউন্সিলর হিসেবে তিনিও ভালোমন্দ দেখে থাকেন। কোনো রাইড বসালে আর ছেলেপুলেদের খেলার জায়গা থাকবে না বলে জায়গাটি খালিই রাখা হয়েছে। তবে আবর্জনা মাঝে মাঝেই পরিষ্কার করা হয় বলে তিনি জানালেন।