মিরপুরের হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
রাজধানীর মিরপুরের মাজার রোড এলাকার একটি আবাসিক হোটেল থেকে আজহারুল হক চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। আজহারুল আবাসন ব্যবসার সঙ্গে জড়িত বলে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে।
দারুস সালাম থানার উপপরিদর্শক আনন্দ কুমার প্রথম আলোকে জানান, গতকাল রাতে মাজার রোডের জাহিন প্লাজার বায়তুন হামদ নামের একটি আবাসিক হোটেলের ৬০১ নম্বর রুমে ওঠেন আজহারুল। এ সময় তাঁর সঙ্গে জাহাঙ্গীর ও আবদুল খালেক নামের আরও দুজন ছিলেন। আজ সকালে হোটেল কর্তৃপক্ষের কাছে জাহাঙ্গীর বাইরে থেকে ফোন করে জানান আজহারুল মারা গেছেন। এরপর হোটেল কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় লাশটি বিছানায় উপুড় অবস্থায় ছিল। তবে আজহারুলের সঙ্গে থাকা দুজন পালিয়ে গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আজহারুলের ভাই নাসিরুল হক চৌধুরী ঘটনাস্থলে লাশ শনাক্ত করে পুলিশকে জানিয়েছেন, তাঁর ভাই পেশায় আবাসন ব্যবসায়ী। তাঁদের বাড়ি কুমিল্লা জেলায়। কিছুদিন আগে আজহারুলের হূদযন্ত্রে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে।