মিরপুরের ১৩ নম্বরের ভাঙা রাস্তায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার অধিকাংশ অংশই ভাঙা। রাস্তাজুড়ে ছড়িয়ে আছে নর্দমার নোংরা পানি। এ দৃশ্য রাজধানীর মিরপুর ১৩ নম্বরের ১৩ নম্বর সেকশনের সি-ব্লকের ৯ নম্বর সড়কের।
এলাকাবাসীর অভিযোগ, এ অবস্থা অনেক দিনের, কিন্তু এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গতকাল সরেজমিন দেখা যায়, পুরো রাস্তার অধিকাংশ জায়গা ভাঙা। মাঝখানের অংশ পুরোটাই কাটা। রাস্তাজুড়ে ছড়িয়ে আছে নর্দমার নোংরা পানি। সেই পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়েই লোকজন এ পথে চলাচল করছে।
এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, রাস্তার দুই পাশে অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে অনেকগুলো বাড়ি। বসতবাড়ির সামনে নালার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়নি। ফলে প্রায় সময়ই নর্দমার পানি মূল রাস্তায় চলে আসছে। কোথাও কোথাও নর্দমার পানি এসে রাস্তার অন্য বসতবাড়িগুলোর ফটকের ভেতরে ঢুকে পড়ছে। একটু বৃষ্টি হলে পানি আর সহজে বের হতে পারে না। তখন পুরো রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা মো. হান্নান অভিযোগ করে প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি নষ্ট হয়ে আছে। এ পথে চলতে গিয়ে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
মো. হান্নান বলেন, সিটি করপোরেশন নির্বাচনের আগে রাস্তাটি মেরামত করা হবে বলে অনেক কাউন্সিলর প্রার্থী কথা দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর কেউ তা মনে রাখেননি।
রাস্তাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের অধীনে। ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তাফা বলেন, ‘রাস্তা সংস্কারকাজ শুরু করা একটু সময়সাপেক্ষÿব্যাপার। কিছু নিয়মনীতি অনুসরণ করে তবেই কাজ শুরু করা যাবে। তবে কবে সংস্কার হবে, তা তিনি বলতে পারেননি।