চাঁদাবাজি বন্ধের দাবিতে রাজধানীর মহাখালী থেকে মিরপুর-১ রুটে চলাচলকারী লেগুনার শ্রমিকেরা তিন দিন ধর্মঘট পালন করেছেন। গত শুক্রবার দুপুর থেকে এই ধর্মঘট শুরু হয়। পরে মালিকদের আশ্বাসে গতকাল সোমবার দুপুরে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেন। ধর্মঘটের কারণে ভোগান্তির শিকার হন এই রুটে চলাচলকারী কয়েক হাজার যাত্রী।
ধর্মঘট পালনকারীদের অভিযোগ, মালিকদের জমার টাকা দেওয়ার পরও মহাখালী ও মিরপুর স্ট্যান্ড, সড়কের লাইনম্যান, যিনি সিরিয়াল দেন তাঁকে এবং কমিউনিটি পুলিশকে প্রতিদিন ১০ থেকে ৬০ টাকা হারে চাঁদা দিতে হয়। এ ছাড়া চাঁদা হিসেবে মালিকপক্ষ নেয় ১১০ টাকা। জমার টাকার বাইরে প্রতিদিন এই অতিরিক্ত চাঁদার পরিমাণ দাঁড়ায় ২৭০ থেকে ৩৭০ টাকা। চাঁদা আদায়কারীদের মধ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরাও রয়েছেন বলে তাঁরা অভিযোগ করেন। তাঁরা বলেন, চাঁদার টাকা দেওয়ার পর প্রতিদিন যা আয় হয় তাতে চালক, চালকের সাহায্যকারী ও গ্যাস বিল মিটিয়ে তেমন কিছুই থাকে না। তাই চালক-শ্রমিকেরা ধর্মঘটের ডাক দিয়ে মালিকপক্ষের চাঁদা হিসেবে আদায় করা ১১০ টাকা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। লেগুনাচালক বাবু মিয়া বলেন, প্রতিবারের (মহাখালী থেকে মিরপুর-১ হয়ে আবার মহাখালী) জন্য মালিকদের একটি লেগুনা বাবদ ভাড়া দিতে হয় ১৯০ টাকা। সিরিয়ালের মাধ্যমে লেগুনা আসা-যাওয়া করায় প্রতিদিন পাঁচ থেকে সাতবার আসা-যাওয়া করা যায়। একবার ঘুরে আসতে গ্যাস লাগে প্রায় ১৪০ টাকার। আর আয় হয় ৫৬০ টাকা। এতে খরচ মিটিয়ে আর কিছু থাকে না।
মো. সজীব নামের আরেক চালক বলেন, ‘অনেক দিন থেকে আমরা মালিকদের আদায় করা ১১০ টাকা প্রত্যাহারের দাবি জানাচ্ছিলাম। দাবি আদায় না হওয়ায় শুক্রবার দুপুরে মিরপুর-১-এ সড়ক আটকে প্রতিবাদ জানানো হয় এবং ধর্মঘটের ডাক দেওয়া হয়।’ তিনি বলেন, ‘সোমবার (গতকাল) দুপুরে মালিক সমিতি আমাদের দাবি মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।’
এ সম্পর্কে মিরপুর-মহাখালী হিউম্যান হলার মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, সম্প্রতি মালিকদের একটি অংশ অনৈতিকভাবে সমিতির নেতৃত্ব দাবি করে। এই নিয়ে মালিকদের একাংশের সঙ্গে অন্য অংশের বিরোধ দেখা দেয়। এ সুযোগে চালক-শ্রমিকেরা ধর্মঘটের ডাক দেন এবং ১১০ টাকা চাঁদা প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, ‘তাঁদের দাবি মেনে নেওয়া হয়েছে। আশা করছি, মঙ্গলবার (আজ) থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’
কোন খাতে এই ১১০ টাকা নেওয়া হয়—জানতে চাইলে মালিক সমিতির ওই নেতা বলেন, এর মধ্যে ৫০ টাকা নেয় মালিক সমিতি, আর ৬০ টাকা নেয় শ্রমিকদের ফেডারেশন। মিরপুর-মহাখালী রুটের শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন স্থানে বিভিন্নজনকে চাঁদা দিতেই মালিকপক্ষ ওই ৫০ টাকা নেয় বলে দাবি করেন তিনি। গতকাল সকালে মহাখালী রেলগেটে গিয়ে দেখা গেছে, মিরপুরের অনেক যাত্রীই লেগুনার খোঁজ করছেন, কিন্তু সড়কে কোনো লেগুনা নেই। পরে অনেকেই বাসে এবং সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে পৌঁছান।
মহাখালী মোড়ে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল জাহাঙ্গীর আলম বলেন, প্রতিদিন প্রায় ৫০টি লেগুনা এই রুটে চলাচল করে। সব সময় রেলগেটে লেগুনার জটলা লেগে থাকে। কিন্তু ধর্মঘটের কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি বলেন, বিকেলের দিকে কর্মজীবী মানুষেরা ঘরে ফেরা শুরু করলে এই ভোগান্তি আরও বেড়ে যায়।