মিররের সংবাদ মিথ্যা কথা না বলে উদ্ধৃত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রেশমা উদ্ধার নিয়ে বিভ্রান্তিকর সংবাদ সম্পর্কে’ বক্তব্য জানাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করে। তবে এখানে আইএসপিআর বা সেনাবাহিনীর কেউ বক্তব্য রাখেননি। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (জনসংযোগ) জাহিদুর রহমান সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন। এরপর একে একে সাতজন নিজেদের পরিচয় দেন। তাঁরা হলেন—রেশমা যে বাড়িতে ভাড়া থাকতেন, তার মালিক মনসুর আহমেদ নুরু ও তাঁর স্ত্রী হাজেরা বেগম, রেশমার সহকর্মী এনামুল হক মিলন ও তাঁর স্ত্রী লিপি বেগম, এনামুলের গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জের ধোপাডাঙা ইউনিয়নের চেয়ারম্যান এ টি এম মাহাবুব আলম শাহীন, ওই ইউনিয়নের উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান আকন্দ এবং এনাম মেডিকেলের আরেকজন পরিচালক রওশন আক্তার চৌধুরী।শুরুতেই জাহিদুর রহমান বলেন, ‘আইএসপিআর থেকে আমাদের অনুরোধ করা হয়েছে রেশমার বিষয়ে অবস্থান পরিষ্কার করার জন্য।’জাহিদুর রহমান বলেন, সানডে মিরর পত্রিকায় এনাম হাসপাতালে রেশমা দুই দিন ভর্তি ছিলেন বলে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তাঁরা তন্নতন্ন করে ভর্তি রোগীদের নামের তালিকা খুঁজেছেন। কিন্তু সেখানে রেশমা বা জয়া (গ্রামে রেশমাকে জয়া নামে ডাকা হতো) নাম পাননি। তিনি বলেন, ‘কেউ যদি বলতে চান প্রাথমিক চিকিৎসা নেওয়া এক হাজার আহতের মধ্যে রেশমা থাকতে পারেন, তাহলে সে বিষয়ে আমাদের কিছু জানা নেই।’এরপর মনসুর আহমেদ বলেন, রানা প্লাজা ধসের দুই দিন পরে রেশমার সঙ্গে তাঁদের দেখা হয়েছে—এমন তথ্য সম্পূর্ণ মিথ্যা। হাজেরা-মনসুর দম্পতির দাবি, এই বিষয় নিয়ে কোনো সাংবাদিক তাঁদের সঙ্গে কথা বলেননি।এনামুল বলেন, তাঁর সঙ্গে কোনো বিদেশি সাংবাদিকের কথা হয়নি। মাহাবুব আলম বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদ জানাতেই তিনি এই সংবাদ সম্মেলনে এসেছেন। কেউ তাঁকে নিয়ে আসেনি। তবে এনামুল ও তাঁর স্ত্রী লিপি বলেছেন, চেয়ারম্যান তাঁদের এখানে নিয়ে এসেছেন।লিপি বেগম বলেন, বিদেশি সাংবাদিকেরা এসেছেন শুনে তাঁরা ভয় পেয়ে বাড়ি থেকে অন্যত্র চলে যান। তিনি বলেন, ‘আমরা গ্রামের মানুষ, এই জন্যে ভয় পাইছি।’তথ্যমন্ত্রীর ব্রিফিং: গতকাল বুধবার তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মিরর-এর প্রতিবেদন মিথ্যা। পত্রিকাটির যে সাংবাদিক ওই প্রতিবেদন তৈরি করেছেন, তিনি একজন কুখ্যাত সাংবাদিক। এ ধরনের ‘মিথ্যা প্রতিবেদন’ যাচাই না করে এ দেশের গণমাধ্যমে ছাপানোর মাধ্যমে তথ্যসন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।