রেশমা উদ্ধার নিয়ে বিভ্রান্তিকর সংবাদ সম্পর্কে’ বক্তব্য জানাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। তবে আইএসপিআর বা সেনাবাহিনীর কেউ বক্তব্য রাখেননি।
রেশমার উদ্ধার নিয়ে আইএসপিআরের পৃথক আরও একটি সংবাদ সম্মেলন করা হয় সচিবালয়ের তথ্য অধিদপ্তরের মিডিয়া সেন্টারে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (জনসংযোগ) জাহিদুর রহমান সংবাদ সম্মেলনে কথা বলা শুরু করেন। এরপর একে একে সাতজন নিজেদের পরিচয় দেন। তাঁরা হলেন রেশমার যে বাড়িতে ভাড়া সেই বাড়ির মালিক মনসুর আহমেদ নুরু ও তাঁর স্ত্রী হাজেরা বেগম, রেশমার সহকর্মী এনামুল হক মিলন ও তাঁর স্ত্রী লিপি বেগম, এনামুলের গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জের ধোপাডাঙা ইউনিয়নের চেয়ারম্যান এ টি এম মাহাবুব আলম শাহীন, ওই ইউনিয়নের উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান আকন্দ এবং এনাম মেডিকেলের আরেকজন পরিচালক রওশন আক্তার চৌধুরী।
শুরুতেই জাহিদুর রহমান বলেন, ‘আইএসপিআর থেকে আমাদের অনুরোধ করা হয়েছে রেশমার বিষয়ে অবস্থান পরিষ্কার করার জন্য। আমাদের বলা হয়েছে আপনারা যা জানেন বলবেন।’
জাহিদুর রহমান বলেন, রানা প্লাজায় আহত প্রায় এক হাজার ৭০০ জনকে তাঁদের হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রথম দিনই এক হাজার জনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৭০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন হাসপাতালে আসা রোগীদের নাম জানা ও নাম নিবন্ধনের মতো পরিস্থিতি ছিল না। ঘটনার দুই-তিন পর থেকে তাঁরা নাম নিবন্ধন শুরু করেন। তিনি বলেন, এনাম হাসপাতালে রেশমা দুই দিন ভর্তি ছিল বলে ‘সানডে মিরর’ পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরপর তাঁরা তন্ন তন্ন করে ভর্তি রোগীদের নামের তালিকা খুঁজেছেন। কিন্তু সেখানে রেশমা বা জয়া (গ্রামে রেশমাকে জয়া নামে ডাকা হতো) নাম পাওয়া যায়নি। তিনি বলেন, ‘কেউ যদি বলতে চান প্রাথমিক চিকিত্সা নেওয়া এক হাজার আহতের মধ্যে রেশমা থাকতে পারেন, তাহলে সে বিষয়ে আমাদের কিছু জানা নেই।’
এরপরে মনসুর আহমেদ বলেন, রানা প্লাজা ধসের দুদিন পরে রেশমার সঙ্গে তাঁদের (মনসুর ও তাঁর স্ত্রী) দেখা হয়েছে এমন তথ্য সম্পূর্ণ মিথ্যা। মনসুরের স্ত্রী হাজেরা বেগম বলেন, রেশমা উদ্ধারের পরে অ্যাম্বুলেন্সে করে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে যাওয়ার পথে তাঁকে ফোন করেন। অ্যাম্বুলেন্সে থাকা এক লোকের ফোন থেকে রেশমা ফোন করেন। হাজেরার নম্বরটি রেশমার মুখস্থ ছিল। এরও এক দিন পর রেশমার দেখা পান তিনি। হাজেরা একবার বলেন, ‘রেশমার খোঁজে আমি সব হাসপাতালে খুঁজছি। মিথ্যা বলব না, আমি এনাম হাসপাতালে যাইনি।’ একটু পরে তিনি বলেন, ঘটনার সাত দিন পর তিনি রেশমার খোঁজে এনাম হাসপাতালে গিয়েছিলেন। হাজেরা-মনসুর দম্পতির দাবি, এ বিষয় নিয়ে কোনো সাংবাদিক তাঁদের সঙ্গে কথা বলেননি।
রেশমার সহকর্মী এনামুল বলেন, তাঁর সঙ্গে কোনো বিদেশি সাংবাদিকের কথা হয়নি। একদল সাংবাদিক বাড়িতে এসেছে শুনে তিনি ওই দিন সারা দিন পালিয়ে ছিলেন।
মাহাবুব আলম বলেন, “সানডে মিরর’-এর সাংবাদিক জবা নামে আমাদের গ্রামেরই রানা প্লাজার আরেক শ্রমিকের সাক্ষাত্কার নিয়েছেন।’ তাঁর দাবি, দেশের ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদ জানাতেই তিনি সংবাদ সম্মেলনে এসেছেন। কেউ তাঁকে নিয়ে আসেনি। আর এনামুল ও তাঁর স্ত্রী লিপি বলেছেন, চেয়ারম্যান তাঁদের এখানে নিয়ে এসেছেন।
লিপি বেগম বলেন, বিদেশি সাংবাদিকেরা এসেছেন শুনে তাঁরা ভয় পেয়ে বাড়ি থেকে অন্যত্র চলে যান। কেন ভয় পেলেন? জানতে চাইলে তিনি বলেন, ‘এমনিই ভয় পাইছি।’
সংবাদ সম্মেলন শেষে এই তিনজন ও ধোপাডাঙা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইএসপিআরের একটি কালো কাচে ঢাকা সাদা মাইক্রোবাসে করে প্রেসক্লাব ত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে ‘প্রেস ইনস্টিটিউট’ থেকে আসা একদল তরুণ বক্তা বিভিন্ন অপ্রাসঙ্গিক প্রশ্ন করা শুরু করেন। এতে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা বিরক্তি প্রকাশ করেন। সেখানে আরও বেশ কিছু লোককে এমনিতেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তথ্যমন্ত্রীর ব্রিফিং
আজ তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিং করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘মিরর’-এর প্রতিবেদন মিথ্যা। পত্রিকাটির যে সাংবাদিক ওই প্রতিবেদন তৈরি করেছেন, তিনি একজন কুখ্যাত সাংবাদিক। এ ধরনের ‘মিথ্যা প্রতিবেদন’ যাচাই না করে এ দেশের গণমাধ্যমে ছাপানোর মাধ্যমে তথ্য সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।