মিরসরাই উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত চিঠি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়।
নুরুল আমিন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসিফ ইমতিয়াজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুল আমিনের বিরুদ্ধে ১০টি মামলা আছে। দুটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আদালত তা গ্রহণ করেছেন। তিনি (নুরুল আমিন) বর্তমানে পলাতক। ফলে উপজেলা পরিষদ আইন অনুসারে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদিকা ইয়াছমিন শাহীন কাকলী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন।
আসিফ ইমতিয়াজ বলেন, ‘যতটুকু জেনেছি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মাহমুদের বিরুদ্ধেও ১০টি মামলা আছে। দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তিনিও বর্তমানে পলাতক। মঙ্গলবার (আজ) এ-সংক্রান্ত কাগজ হাতে পেলে তাঁর বরখাস্ত চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানো হবে। যে কারণে মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন শাহীনকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারমানের দায়িত্ব দেওয়া হবে।’
২০১৩ সাল থেকে মিরসরাইয়ে নাশকতার অভিযোগে দায়ের করা ১০টি মামলায় নুরুল আমিনকে আসামি করা হয়।
এ সম্পর্কে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও নুরুল আমিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে তাঁর দপ্তরে কোনো চিঠি আসেনি।