মিরসরাই উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ইয়াসমিন শাহীন

চট্টগ্রামের মিরসরাই উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গতকাল বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনকে বরখাস্ত করার এক দিন পর তাঁকে এ দায়িত্ব দেওয়া হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইয়াসমিন শাহীন কাকলীকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ফৌজদারি মামলায় অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান-১ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মাহমুদ পলাতক থাকায় প্যানেল চেয়ারম্যান-২ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলীকে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইয়াসমিন শাহীন কাকলী বলেন, এটা অনেক বড় দায়িত্ব। উপজেলা পরিষদকে কার্যকর করার জন্য দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন জানান, গতকাল সন্ধ্যায় প্রজ্ঞাপনটি ফ্যাক্সযোগে তাঁর কার্যালয়ে পাঠানো হয়েছে। আজ (বুধবার) থেকে ইয়াসমিন শাহীন কাকলী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনের বিরুদ্ধে ১০টি নাশকতার মামলা দুটির অভিযোগপত্র আদালত গ্রহণ করায় গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে বরখাস্ত করে।