মিরসরাই উপজেলার নতুন চেয়ারম্যান ইয়াসমিন শাহীন

চট্টগ্রামের মিরসরাই উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন শাহীন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশে আজ বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয় এ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের কপি সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছায়। চেয়ারম্যান নুরুল আমিনকে বরখাস্তের এক দিন পর এ দায়িত্ব দেওয়া হলো।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্যানেল চেয়ারম্যান-১ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মাহমুদ ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে পলাতক থাকায় প্যানেল চেয়ারম্যান-২ উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন শাহীনকে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেন বলেন, সন্ধ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির স্মারকটি ফ্যাক্সযোগে এসেছে। আজ থেকে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনের বিরুদ্ধে নাশকতার ১০টি মামলার মধ্যে দুটির অভিযোগপত্র আদালত গ্রহণ করায় গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে বরখাস্ত করে।