মিরসরাই কলেজে উচ্ছৃঙ্খল ছাত্রদের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে নির্ধারিত পোশাক ছাড়া কলেজে ঘোরাঘুরি করতে না দেওয়ায় তুলকালাম কাণ্ড করেছে কতিপয় উচ্ছৃঙ্খল ছাত্র। তারা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং বহিরাগতদের নিয়ে কলেজে ভাঙচুর চালায় এবং পরীক্ষার হলে ঢুকে শিক্ষার্থীদের মারধর করে। এ সময় একাদশ ও দ্বাদশ শ্রেণির মডেল পরীক্ষা চলছিল। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিরসরাই ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটে।

কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক শাখার ছাত্র শাহেদ পারভেজ বলে, ‘ঘটনার সময় আমরা শ্রেণিকক্ষে ছিলাম, কিছু উচ্ছৃঙ্খল ছাত্র শ্রেণিকক্ষে শিক্ষক থাকা অবস্থায় আমাদের জোর-পূর্বক বের করে নিয়ে যায়। এ সময় আশপাশের জানালার কাঁচ ভাঙার শব্দ শুনতে পাচ্ছিলাম।’

মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার বলেন, ‘আমরা কিছু দিন আগে নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া কলেজে কাউকে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিই। কলেজে অছাত্র প্রবেশ রোধ ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কলেজ পরিচালনা কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কলেজছাত্র প্রতিনিধিদের নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই নিয়ম অমান্য করে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিব হোসেন, মো. ফারহান ফুয়াদ ও ইমদাদুল হক ক্লাস চলার সময় কলেজ প্রাঙ্গণে ঘোরাঘুরি করছিল দেখে তাদের জিজ্ঞেস করি। এ সময় তারা বেশ উচ্ছৃঙ্খল আচরণ করে। তখন তাদের মুঠোফোনগুলো হেফাজতে নিয়ে পরদিন অভিভাবকসহ কলেজে আসতে বলি।’

এতে ওই ছাত্ররা ÿক্ষিপ্ত হয়ে কিছুক্ষণ পরেই কলেজের ও বহিরাগত কিছু ছাত্র নিয়ে কলেজে ঢুকে ভাঙচুর চালায়। প্রথম ও দ্বিতীয় বর্ষের মডেল টেস্ট পরীক্ষার্থীদের ছাত্র-ছাত্রীদের মারধর করে জোর-পূর্বক মিছিলে আসতে বাধ্য করে বলে অধ্যক্ষ জানান। কলেজের অধ্যক্ষ সঙ্গে সঙ্গে বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানালে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় গতকাল কলেজ পরিচালনা কমিটির একটি জরুরি সভা ডাকে। গতকাল রাত সাড়ে নয়টায় সভা চলছিল।

মিরসরাই থানার উপপরিদর্শক কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘মিরসরাই কলেজে কিছু উচ্ছৃঙ্খল ছাত্রের কলেজে ভাঙচুর ও উগ্র আচরণের খবর পেয়ে আমরা সাথে সাথে কলেজে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে আমরা বিষয়টি আরও খতিয়ে দেখব।’