মিরসরাই কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই ডিগ্রি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে মিরসরাই কলেজে সাংসদ মোশাররফ হোসেন সমর্থিত পক্ষের সমর্থক মো. সুমনের সঙ্গে উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন সমর্থিত কলেজ ছাত্রলীগের সভাপতি হিমেল ও সাধারণ সম্পাদক জহিরের কথা-কাটাকাটি হয়। এ সময় সাংসদ সমর্থিত পক্ষের কলেজ শাখার সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা এগিয়ে এলে সংঘর্ষ বেধে যায়। পরে মিরসরাই থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন রহিম, রাজু, টিটু ও সুমন। সাংসদ সমর্থিত কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রিফাত অভিযোগ করেন, বহিরাগতরা লাঠিসোঁটা নিয়ে কলেজের দ্বিতীয় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী সুমনের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

অপর দিকে উপজেলা চেয়ারম্যান সমর্থিত কলেজ ছাত্রলীগের সভাপতি হিমেল অভিযোগ করেন, ‘বহিরাগত সুমন কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে ধূমপান করছিল। এ সময় আমরা তাকে ধূমপান করতে নিষেধ করলে প্রতিপক্ষের মেহেদীর নেতৃত্বে হামলা চালানো হয়।’

মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, কলেজে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মিরসরাই ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আতিকুল ইসলাম জানান, শিক্ষার্থী ও বহিরাগতদের সঙ্গে হাতাহাতি ঘটলে পুলিশে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, এইচএসসিতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরা আসায় কলেজের নির্দিষ্ট নিয়মকানুন মানতে সাময়িক অসুবিধা হচ্ছে। সে সুযোগে বহিরাগতরা কলেজের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে।