মিরসরাই ট্র্যাজেডি স্মরণে স্মৃতিস্তম্ভ
চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডিতে ৪৩ শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হওয়ার দুর্ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’ এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় আনুষ্ঠানিকভাবে এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামীর সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক প্রমুখ।
স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’ এর নকশাকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক সাইফুল কবির। স্মৃতিস্তম্ভটিতে রয়েছে নিহত ৪৫ জনের ছবি। গত বছরের নভেম্বরে নির্মাণকাজ শুরু হয় স্মৃতিস্তম্ভটির।
২০১১ সালের ১১ জুলাই মিরসরাই সদর থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে বড়তাকিয়া-আবুতোরাব সড়কের ওই এলাকায় দুর্ঘটনায় ৪৩ শিক্ষার্থীসহ ৪৫ জনের মৃত্যু হয়। পরে আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ও দুর্ঘটনাস্থলে দুটি স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্রুতি দেন তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং বর্তমান সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। দুর্ঘটনার বছরেই আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘আবেগ’। গত বছরের ১০ জুলাই দুর্ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী মোশাররফ হোসেন।