মিরসরাই থানার ওসিসহ আটজন কর্মকর্তাকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন খুনের ঘটনায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আটজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত বুধবার রাতে এ সংক্রান্ত আদেশ মিরসরাই থানায় পৌঁছায়। এই খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুজন গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রুহুল আমিন সিদ্দিকী জানান, মিরসরাই থানার ওসি হুমায়ুন কবির, উপপরিদর্শক (এসআই) ইয়াছিন ফারুক, রাজু আহম্মেদ, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, সাদেকুল ইসলাম এবং এএসআই হেদায়েত উল্লাহ ও হেলাল উদ্দিনকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। প্রশাসনিক দুর্বলতার কারণে ওসিকে এবং বিভিন্ন ব্যর্থতার কারণে অন্য কর্মকর্তাদের বদলি করা হয়।যোগাযোগ করা হলে ওসি হুমায়ুন কবির বদলির আদেশ পাওয়ার সত্যতা স্বীকার করেন।এএসপি রুহুল আমিন আরও জানান, এএসআই বোরহান খুনের অভিযোগে গ্রেপ্তার ওসমান গণি ও সিরাজুল ইসলামের তিন দিনের রিমান্ড বুধবার শেষ হয়। গতকাল চট্টগ্রামের বিচারিক হাকিম আবদুল্লাহ আল নোমানের আদালতে নেওয়া হলে তাঁরা দুজন স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেন। গ্রেপ্তার হওয়া অপর দুই আসামি মো. শাহিন ও শাহ আলমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।উল্লেখ্য, ওসিকে না জানিয়ে ১৬ এপ্রিল সন্ধ্যায় এসআই নাছিরের নেতৃত্বে এএসআই বোরহান মিরসরাইয়ের পূর্ব হিংগুলিতে এলাকায় মাদক ব্যবসায়ী পারভেজকে গ্রেপ্তার করতে যান। এ সময় পারভেজের ছুরিকাঘাতে এএসআই বোরহান খুন হন।