মিরসরাই থেকে তাঁরা শিক্ষা নিলেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই দুর্ঘটনায় স্বজন হারানোর কান্না এখনো থামেনি। সেদিনের ভয়ংকর স্মৃতি তাড়া করছে অনেককে। এত কিছুর পরও এ ঘটনা থেকে শিক্ষা নিতে পারলেন না ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার জাংগাল রেজি. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকেরা।গতকাল শনিবার ফুটবল খেলা শেষে এই বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে তাঁরা বাড়ি ফিরলেন খোলা পিকআপে গাদাগাদি করে, ঝুঁকি নিয়ে। গত সোমবার দুপুরে মিরসরাইয়ের আবুতোরাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলা দেখে খোলা ট্রাকে বাড়ি ফিরতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। ওই ঘটনায় (ছাত্র ৩৮ জন ও অন্য দুজনসহ নিহত ৪০, সরকারি হিসাবে) ৪০ কিশোর প্রাণের মর্মান্তিক মৃত্যু হয়।আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রাথমিক বিদ্যালয়ের ছেলেশিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও মেয়েশিক্ষার্থীদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে চূড়ান্ত (ফাইনাল) খেলা ছিল গতকাল। আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে দুপুরে ছেলেদের খেলায় জয়ী হয় টানমান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বিকেলে একই মাঠে গোয়াল গাংগাইল রেজি. প্রাথমিক বিদ্যালয় ও জাংগাল রেজি. প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের মধ্যে খেলা হয়। এতে জাংগাল রেজি. প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা জয়ী হয়।বিদ্যালয়ের ১৭ জন খেলোয়াড়সহ প্রায় ৩০ জন শিক্ষার্থী ট্রফি হাতে সন্ধ্যায় সাত কিলোমিটার দূরে স্কুলে ফেরে একটি খোলা পিকআপে, ঝুঁকি নিয়ে। পিকআপের সামনের আসনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেনও ছিলেন। তাঁর তত্ত্বাবধানেই এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকআপে করে নেওয়া হয়।রাত নয়টায় যোগাযোগ করা হলে শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, যাতায়াতের কোনো টাকা ছিল না। সকালে শিক্ষার্থীদের অটোরিকশায় করে নেওয়া হয়। সন্ধ্যায় ফেরার পথে একটি পিকআপে তাদের তোলা হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়ে ভালোভাবেই বাড়ি পৌঁছেছেন। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরিদ উদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য কোনো বরাদ্দ ছিল না। তবে স্থানীয় এক ব্যক্তির দান থেকে গতকাল (শনিবার) অংশগ্রহণকারী প্রতিটি বিদ্যালয়কে এক হাজার টাকা করে দেওয়া হয়েছিল।’ আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক খেলা শুরুর আগে বলেন, ‘খেলোয়াড়, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হয়ে চলাচলের জন্য বলা হয়। এর পরও কেউ সচেতন না হলে কী করতে পারি?’