চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক খাদে পড়ে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, যোগাযোগসচিব, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, চট্টগ্রাম জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা শিক্ষা কর্মকর্তাসহ ১৫ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।গত বছর ১১ জুলাই মিরসরাইয়ে এক সড়ক দুর্ঘটনায় ৪৫ শিক্ষার্থীর মৃত্যু হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মোমেন চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী রানী।আইনজীবী আবদুল মোমেন চৌধুরী প্রথম আলোকে বলেন, এতগুলো প্রাণহানির জন্য কে দায়ী তা খতিয়ে দেখতে একটি কমিশন গঠন ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।